গোপালপুরে দু'পক্ষে সংঘর্ষ
আ'লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৮
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৪৭
টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা ও ভাংচুরের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে গোপালপুর থানায় নিহত আব্দুল খলিলের বাবা নছিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে ভাংচুরের ঘটনায় রফিকুল ইসলাম হিরা নামের এক ব্যক্তি বাদী হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অজ্ঞাতনামা সমর্থকদের আসামি করে মামলা দায়ের করেন। হিরা আওয়াম লীগ মনোনীত মেয়র প্রার্থী রকিবুল হক ছানার সমর্থক। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ভাংচুরের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, বাসে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। তবে ভাংচুর হয়েছে। হত্যা ও ভাংচুরের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুতই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
সোমবার রাত ৮টার দিকে গোপালপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থীর কর্মী- সমর্থকদের সংঘর্ষে বিদ্রোহী প্রার্থীর খলিল নামের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত খলিল ডুবাইল গ্রামের নছিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
