পদ্মা থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেল বিএসএফ
ফাইল ছবি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৫:৩৬
রাজশাহীর বাঘায় আলাইপুর সীমান্ত এলাকা থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশের সীমান্ত ঘেঁষা উপজেলার আতারপাড়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।
তারা হলেন- বাঘা উপজেলার মীরগেঞ্জর ভানুকর চাইপাড়ার খলিল ব্যাপারির ছেলে বাবু ব্যাপারি (৩০), চারঘাট উপজেলার রাওথা গ্রামের ইয়াজলের ছেলে এনামুল হক (৪৫) ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ওরফে ডাবু (২০)।
স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকার আতারপাড়ায় পদ্মা নদীতে মাছ ধরতে যান ওই ৩জন জেলে। সকাল ৮টায় জাল ওঠানোর সময় ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ বাংলাদেশি নাগরিক ওই ৩ জেলেকে ধরে নিয়ে যায়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, তাদের ধরে নিয়ে যাওয়ার পর থেকে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করে যাচ্ছি।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), এর আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তালেব বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশি ৩ জেলেকে আটকের পর ভারতের বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমন্ডারকে চিঠি দিয়ে তাদের ছেড়ে দেওয়ার জন্য জানিয়েছি। এতে তারা সাড়া দিয়েছে। দুপুর পরে তাদের আমাদের কাছে ফেরত দেওয়ার কথা বলেছে।
তবে বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ফেরত দেওয়ার খবর জানা যায়নি।