ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

‘জনগণের সেবা করতে না পারলে থানা ছেড়ে চলে যান’

‘জনগণের সেবা করতে না পারলে থানা ছেড়ে চলে যান’
×

সমাবেশে বক্তব্য রাখছেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক -সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৫:৫১ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৫:৫২

‘আপনাদের অনেকেই তদবীরের বদৌলতে থানার ওসিগিরি করতে আসেন। এর পেছনের উদ্দেশ্য যদি জনগণের সেবা না হয়, তাহলে থানা ছেড়ে চলে যান। এখনো যদি মনে করেন ২০ বছর আগে ওসিগিরি যেমন করছেন আজও তেমন, তাহলে ভুল করবেন। আজ আপনার কাজ হলো জনগণকে সেবা দেওয়া, তাদের হেফাজতে রাখা। কারণ আমি আপনি তাদের চাকর। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তারা আমাদের হুকুম করবে তাদের প্রয়োজনে, কিন্তু আপনি না।’

মঙ্গলবার দুপুরে চাঁদপুর  পুলিশ  লাইনস্ এ চাঁদপুরের কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে মাদক, সন্ত্রাস,  জঙ্গিবাদ, গুজব এবং ইভটিজিং বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এসব কথা বলেন। 

পুলিশ সুপার মো. মাহাববুর রহমানের সভাপতিত্বে ডিআইজি গোলাম ফারুক পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে আরও বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে যদি কাজ না করতে পারেন, আর যদি তার অভিযোগ আমাদের কানে যায়; তাহলে মনে করবেন চাকরি জীবনে মাথা তুলে সম্মানের সঙ্গে কাজ করা আপনার জন্য শেষ। কারণ আপনার ওপরে যাওয়ার যে ব্যবস্থা, তার মানে এসিআর সেটা আমাদের কাছে। প্রমোশন জীবনে চোখে দেখবেন না। অতএব লাল দাগে পড়বেন না। 

একাধিক ওসি, এসআই, কনস্টেবলের খারাপ আচরণ ও তুচ্ছ তাচ্ছল্য সম্পর্কে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ ভাইরা এসব বন্ধ করেন। না হয় ব্যবস্থা।

গোলাম ফারুক আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে আমাদের পুলিশ বাহিনীকে অংশ নিতে হবে। আমরা তার নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। 

জনগণের উদ্দেশে তিনি বলেন, পুলিশ আপনাকে ছেড়ে যেতে চাইলেও আপনি তাকে ছাড়বেন না। কড়ায় গন্ডায় কাজ বুঝে নেবেন। তবে ভালো সব কাজ করতে গেলে পুলিশকেও সাহায্য করবেন। 

তিনি বলেন, চাঁদপুর কমিউনিটি পুলিশিং সারাদেশে একটা মডেল। অতএব এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে আপনাদেরই। আর এর জন্য যত রকম সাহায্য আপনার দরকার সেটা পাবেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, এনএসআইর যুগ্ম পরিচালক আজিজুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডা. এস এম শহীদুল হক, নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৮ থানার ওসি, জেলা, উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×