ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে পেঁয়াজের বাজার লাগামহীন

সিলেটে পেঁয়াজের বাজার লাগামহীন
×

পেঁয়াজের বাজার পরিদর্শনকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৮:৩৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৮:৪৪

সিলেটে পেঁয়াজের বাজার লাগামহীন। কোনভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না পেঁয়াজের। প্রতিদিনই কেজিতে বাড়ছে ২০ থেকে ৩০ টাকা করে। এ অবস্থায় ক্রেতাদের নাভিশ্বাস তুলে ছাড়ছে অতিরিক্ত দাম।

মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে পেঁয়াজের বাজারে অভিযানও চালায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি। অপরদিকে বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির নেতারা। অভিযানে কয়েকটি দোকানকে সতর্ক এবং কয়েকটি দোকানীকে জরিমানা করা হয়। পরিদর্শনে উঠে আসে বাজারে পেঁয়াজ সঙ্কটের কথা।

স্থানীয় ক্রেতারা জানান, মাঝে সিলেটে পেঁয়াজের দাম অনেকটা সহনীয় পর্যায়ে ছিল। সিলেটের বিভিন্ন বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি ছিলো না। কিন্তু গত কয়েকদিন ধরে বাজারে পেঁয়াজ সঙ্কট দেখা দিয়েছে। এতে প্রতি কেজি পেঁয়াজের মূল্য দাঁড়িয়েছে ১৯০ থেকে ২১০ টাকায়।

এ অবস্থায় মঙ্গলবার সিলেটের বাজার মনিটরিংয়ে নামে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন বাজার মনিটরিং কমিটি। নগরীর কালীঘাটে গিয়ে বিভিন্ন দোকান পরিদর্শন করেন। তারা বেশ কিছু দোকানে অসঙ্গতি দেখতে পান। চালানে অনিয়ম পাওয়ায় কালিঘাটের হযরত শাহচট রোডের মেসার্স সুরমা ট্রেডিং এজেন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী সমকালকে জানান, সুরমা ট্রেডিং এজেন্সি পেঁয়াজের যে চালান এনে বিক্রি করছিল, সে চালানের ক্রয় রশিদ তারা দেখাতে পারেনি। এছাড়া পেঁয়াজের দামও বৃদ্ধি করেছিল। এজন্য তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পক্ষ থেকে নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়েছে। এ সময় তারা সিলেটের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও দাম স্বাভাবিক রাখতে ব্যভসায়ীদেও প্রতি আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।

এ সময় চেম্বার সভাপতি পেঁয়াজের খুচরা ও পাইকারী ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন। তিনি ব্যবসায়ীদেরকে ক্রয় বা আমদানীমূল্যের সাথে সঙ্গতি রেখে পেঁয়াজ বিক্রির অনুরোধ জানান। এসময় ব্যবসায়ীরা জানান, পঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অনেক বৃদ্ধি পেয়েছে। এতে স্বল্প আয়ের সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে পারছেন না। সরবরাহ কম থাকায় পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, মো. আতিক হোসেন, মো. আমিনুজ্জামান জোয়াহির, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক প্রমুখ।

আরও পড়ুন

×