দুর্নীতি মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই কর্মচারী রিমান্ডে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৯:১০
চট্টগ্রামে দুর্নীতির মামলায় জেলা প্রশাসনের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী নজরুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মচারী তছলিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৭ নভেম্বর তাদের নগদ সাড়ে ৭ লাখ টাকা ও ৯১ লাখ টাকার চেকসহ গ্রেফতার করে দুদক। তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
দুদক কর্মকর্তারা জানান, চট্টগ্রামে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সরকার থেকে দেওয়া ক্ষতিপূরণের টাকা ছাড় করাতে কমিশন আদায় করা হতো। আর এ কমিশনের ভাগ অনেকেই পান। এই অর্থ সংগ্রহ করতেন নজরুল, তছলিম ও তাদের সহযোগীরা। অগ্রিম কমিশনের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করেছে দুদক।