স্কয়ারের সহযোগিতা
পাবনায় ৬ শতাধিক কর্মহীন পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
শনিবার সকালে স্কয়ারের সহযোগিতায় এস্ট্রাস পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তুলে দেওয়া হয় উপহারসামগ্রীর প্যাকেট- সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৮ মে ২০২১ | ০৯:৪০
করোনায় কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। আর এই খাদ্যসামগ্রী বিতরণের কাজে সার্বিক সহযোগিতা করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। দ্বিতীয় দফায় শহরের কাশীপুর ও হেমায়েতপুর মহল্লার ৬৩০ কর্মহীন পরিবারের মাঝে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।
শনিবার সকালে এস্ট্রাস পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তুলে দেওয়া হয় উপহারসামগ্রীর প্যাকেট। প্রতিটি প্যাকেটে প্রায় এক সপ্তাহের খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবান, বিভিন্ন প্রকারের গুঁড়া মসলা রয়েছে।
জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক ও যুগ্ম আহ্বায়ক শেখ শাকিরুল ইসলাম রনি খাদ্য বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতীন খান, উপপ্রচার সম্পাদক হাজি শরীফ, জেলা যুবলীগের সদস্য ফাইমুল কবির শান্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, সদস্য শাকিল খান, আসিফ ইকবাল জনি, জেলা যুবলীগ, পৌর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। আর আমরা জেলা যুবলীগ প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই, জেলার কোনো মানুষকে না খেয়ে থাকতে হবে না।
তিনি বলেন, জেলা যুবলীগের নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় ইতোমধ্যে এক হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রথমবারের মতো এবারও আমাদের এই কাজে আর্থিক সহযোগিতা দিচ্ছে স্কয়ার গ্রুপ। এবারও আমরা পৌর এলাকার ১৫টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নে কর্মহীনদের তালিকা করে এই খাদ্যসামগ্রী বিতরণ করার চেষ্টা করছি।
- বিষয় :
- খাদ্যসামগ্রী বিতরণ
- কর্মহীন পরিবার
- স্কয়ার
- পাবনা
