চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান
সমকাল প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ১১:৩৬
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও- পাঁচলাইশ) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেলেন চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আবু সুফিয়ান সমকালকে বলেন, তারা তিনজন মনোনয়নপ্রত্যাশী দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডে সাক্ষাৎ দিয়েছেন। তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
'ধানের শীষ' প্রতীকে নির্বাচন করতে আগ্রহী তিন বিএনপি নেতা দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অবু সুফিয়ান ছাড়াও অন্যরা হলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ।
জানা যায়, বিএনপি ছেড়ে যাওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে না পারায় সে সময় দলের প্রার্থী করা হয় চট্টগ্রাম মহনগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহকে। তিনি মহাজোট প্রার্থী জাসদ নেতা বাদলের কাছে পরাজিত হন।
২০১৪ সালের নির্বাচন বয়কট করে দলটি। ওই নির্বাচনেও জয়লাভ করেন বাদল। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে মোর্শেদ খান বিএনপির মনোনয়ন চেয়েও পাননি। তার পরিবর্তে নির্বাচন করেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। তিনিও হেরে যান মহজোট প্রার্থী জাসদ নেতা প্রয়াত মইনউদ্দীন খান বাদলের কাছে।
এর আগে সোমবার আসনটিতে দলের প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লগ। মনোনয়ন ফরম সংগ্রহ করা ১৯ নেতার মধ্যে শেষ পর্যন্ত নৌকা প্রতীক পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
গত ১ ডিসেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তসফিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর।
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র
প্রত্যাহারের শেষ তারিখ ২২ ডিসেম্বর। নির্বাচনে ভোটগ্রহণ হবে ১৩ জানুয়ারি।
