দাগনভূঞায় স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৬
ফেনীর দাগনভূঞায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে জেসমিন (১৯) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় পৌর শহরের কৃষ্ণরামপুর গ্রামের সুধির বাবুর কলোনীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে সন্দীপ উপজেলার উড়িরচরের সমিতি বাজার এলাকার মো. মনিরের মেয়ে জেসমিনের সঙ্গে একই এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. সবুজের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই জেসমিনকে তার স্বামী নির্যাতন করত। বৃহস্পতিবারও তাকে মারধোর করেন সবুজ । এতে রাগে-দুঃখে নিজ ঘরে গলায় কাপড় পেঁচিয়ে জেসমিন আত্মহত্যার চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. সবুজকে গ্রেফতার করা হয়েছে। নিহত জেসমিনের সোহেল নামে এক বছরের একটি ছেলে রয়েছে।
দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
