টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই-শাশুড়ির মৃত্যু
টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৯
কক্সবাজারের টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে পারিবারিক কলহের জের ধরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপ্রাং বিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) ও তার শাশুড়ি মৃত নবী হোসেনের স্ত্রী তাহামিনার (৪৫) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোনা মিয়া শাশুড়িকে ছুরিকাঘাত করেন। এরপর শ্যালক জকির (১৬) এসে দুলাভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করেন। পরে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি এবিএমএস দোহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।