স্বাধীন মত প্রকাশে মানুষ শঙ্কা বোধ করছে: কাদের সিদ্দিকী
বৃহস্পতিবার কৃষক শ্রমিক জনতা লীগের গাইবান্ধা জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সমকাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ১০:১৪
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ এখন স্বাধীন মত প্রকাশে শঙ্কা বোধ করছে। ন্যায্য মতামত ক্ষমতাবানদের বিপরীত হলেই শাসক গোষ্ঠী রুষ্ট হয়। বৃহস্পতিবার কৃষক শ্রমিক জনতা লীগের গাইবান্ধা জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের জেলা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার প্রমুখ।
কাদের সিদ্দিকী বলেন, দেশ স্বাধীন হয়েছে ৪৮ বছর হলো। এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই সোনার বাংলায় স্বাধীনতার ফসল জনগণ কতটুকু ভোগ করছে। সব নাগরিকের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত হওয়ার কথা, কিন্তু তার কতটুকু বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, সাম্য, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রধান অঙ্গীকার। বঙ্গবন্ধু হত্যার পর জাতীয়, আন্তর্জাতিক চক্রান্ত ও ব্যর্থ নেতৃত্বের কারণে স্বাধীনতার এত বছর পরও আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বাস্তবায়িত হচ্ছে না জনগণের প্রত্যাশা।
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, লাগামহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন-ধর্ষণ, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় সীমাহীন সন্ত্রাস, অধিকাংশ রাজনৈতিক নেতা ও দলের চরম ব্যর্থতা, অসৎ আমলাদের ঔদ্ধত্যের কারণে গোটা জাতি আজ জিম্মি। তিনি জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।