চট্টগ্রাম-৮ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন আ'লীগের মোছলেম
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ১০:৫০
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়পত্র জমা দিয়ে মোছলেম উদ্দিন বলেন, চট্টগ্রামের সব জ্যেষ্ঠ নেতা ও ভোটারদের নিয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন। মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে তিনি অঙ্গীকারবদ্ধ। '৭৩ সালের পর থেকে এ নির্বাচনী এলাকায় কোনো দলীয় প্রার্থী সংসদ সদস্য হতে পারেননি। সারাদেশের উন্নয়নের সঙ্গে এই এলাকাকে সম্পৃক্ত করতে এবং কাঙ্ক্ষিত উন্নয়নে তিনি কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগরের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন প্রমুখ।
চট্টগ্রামের বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদের আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার চার লাখ ৭৫ হাজার ৯৮৮। আগামী ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।
গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
- বিষয় :
- উপনির্বাচন
- চট্টগ্রাম-৮
- মোছলেম উদ্দিন আহমদ