ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক স্বামীর অ্যাসিডে দগ্ধ গৃহবধূ ও শিশুপুত্র

সাবেক স্বামীর অ্যাসিডে দগ্ধ গৃহবধূ ও শিশুপুত্র
×

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:২১

ময়মনসিংহে সাবেক স্বামীর অ্যাসিড আক্রমণের শিকার হয়েছেন এক গৃহবধূ ও তাদের পাঁচ বছরের শিশুপুত্র। 

গৃহবধূ রূপালী আক্তার রূপা (২৫) ও তার শিশুপুত্র রোহান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রূপার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার রাতে নগরীর সারদা ঘোষ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাবেক স্বামী হাফিজুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। অ্যাসিড নিক্ষেপের সময় হাফিজুরের দু'হাতও ঝলসে গেছে। পরে তাকেও পুলিশি হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) উজ্জ্বল কান্তি সরকার জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকার হাফিজুর রহমানের সঙ্গে একই উপজেলার নামাপাড়া গ্রামের রূপালী আক্তার রূপার সাত বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে প্রায় এক বছর আগে তাদের ডিভোর্স হয়। দুই মাস আগে নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকার হিমেল মিয়ার সঙ্গে রূপার বিয়ে হয়। এ নিয়ে ক্ষুব্ধ ছিল সাবেক স্বামী হাফিজুর।

গত বৃহস্পতিবার রূপা তার শিশুপুত্রকে নিয়ে এলাকার একটি হাসপাতালে যান। ওই সময় হাফিজুর তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে হাসপাতালের সামনে ছেলেকে নিয়ে আসতে বলে। পরে সে হাসপাতালের সামনে এলে হাফিজুর ছেলে রোহানকে কেড়ে নিয়ে দৌড় দেয়। তখন রূপার চিৎকারে স্থানীয়রা দৌড়ে হাফিজুরকে আটক করে। এ সময় হাফিজুর তার পকেট থেকে অ্যাসিডের বোতল খুলে রূপা ও তার শিশুপুত্রের শরীরে নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসিডে রূপার মুখমণ্ডল, হাত ও বুকের কিছু অংশ এবং শিশুটির বাঁ চোখ, হাত ও পিঠের অংশ ঝলসে গেছে।

এ ঘটনায় রূপার ভাই রুহুল আমিন বাদী হয়ে  শুক্রবার হাফিজুর রহমানের বিরুদ্ধে অ্যাসিড দমন আইনে মামলা করেছেন।

আরও পড়ুন

×