প্রধানমন্ত্রীর ওপর আস্থা আছে: সুলতানা কামাল
অ্যাডভোকেট সুলতানা কামাল -ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৫
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, 'মুক্তিকামী মানুষের নেতা হিসেবে আমরা সবাই আগামী বছর মুজিববর্ষ পালন করব। মুজিববর্ষের অনুষ্ঠানমালায় অবশ্যই পরিবেশ রক্ষার কর্মসূচি থাকতে হবে।'
তিনি বলেন, 'জাফলং, সুন্দরবন, কক্সবাজারকে রক্ষা করতে হবে। সেই সঙ্গে আমাদের সম্পদ বুক আগলে রক্ষার প্রতিজ্ঞা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখতে চাই। তিনি যেন কখনই বিনিয়োগকারীদের মিষ্টি কথার ফাঁদে পড়ে দেশ তাদের হাতে তুলে না দেন। প্রধানমন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে।'
শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাফলং-শ্রীপুর পাথর উত্তোলনের জন্য খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর গেজেট প্রকাশের দুরভিসন্ধি এবং ইসিএভুক্ত এলাকার তথ্য গোপন করে পাথর উত্তোলনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সুলতানা কামাল বলেন, দেশ ক্রমেই উন্নয়নের নামে মানুষ ও পরিবেশের ক্ষতি করে নিজেদের পকেট ভারী করার ক্ষেত্রে পরিণত হচ্ছে। বিনিয়োগের নামে দেশ তাদের হাতে তুলে দিচ্ছি। সবাই মিলে তা থামানোর চেষ্টা করতে হবে।
এ সময় বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।