ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গৃহবধূর চুল কাটার মামলা

উল্লাপাড়ার সেই আওয়ামী লীগ নেতা রিমান্ডে

উল্লাপাড়ার সেই আওয়ামী লীগ নেতা রিমান্ডে
×

আবদুর রশিদ -ফাইল ছবি

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গৃহবধূর চুল কেটে দেওয়ার মামলায় আওয়ামী লীগ নেতা আবদুর রশিদের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক নজরুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১০ ডিসেম্বর আবদুর রশিদ তার আইনজীবীর মাধ্যমে ওই আদালতে আত্মসমর্পণ করেন। এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার এসআই হাফিজুর রহমান আদালতে রশিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বৃহস্পতিবার আবেদনের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ তার সহযোগীদের নিয়ে গত ২৫ নভেম্বর উপজেলার গজাইল গ্রামে মিথ্যা অপবাদ দিয়ে এক গৃহবধূর চুল কেটে দেন। পরে গৃহবধূ বাদী হয়ে ২ ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানায় রশিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকি দেওয়া হয়। এতে করে পরিবার নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছিলেন ওই নারী। প্রশাসনের হস্তক্ষেপে ৮ ডিসেম্বর রাতে তারা নিজ বাড়িতে ফেরেন। নিরাপত্তার জন্য গৃহবধূর বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়।

গত রোববার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চে আইনজীবী ইশরাত হাসান চুল কেটে দেওয়া গৃহবধূর ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত খবর এবং টিভি চ্যানেলে প্রচারিত ভিডিও ক্লিপ দেখান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার গৃহবধূর নিরাপত্তা বিধানের অনুরোধ জানান ওই আইনজীবী। পরে আদালত সিরাজগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উল্লাপাড়া মডেল থানার ওসির কাছে তিন দিনের মধ্যে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ জানতে চান।

আরও পড়ুন

×