খুলনায় মানববন্ধনে বক্তারা
সরকার পাটকল বন্ধের চক্রান্তে লিপ্ত
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৩
সরকার সামান্য অর্থে কারখানাগুলো আধুনিকায়নের কোনো উদ্যোগ নিচ্ছে না। শ্রমিকদের ওপর লোকসানের দায়ভার চাপিয়ে পাটকল বন্ধ করার চক্রান্তে লিপ্ত।
শুক্রবার সকালে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক ও দেশীয় পুঁজিবাদীদের স্বার্থ রক্ষায় সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) নামে শিল্পকারখানা বিরাষ্ট্রীয়করণের নীতি গ্রহণ করেছে। যে কারণে সময়মতো পাট ক্রয়, যথাযথভাবে প্রক্রিয়াজাত, সংরক্ষণ ও মান বজায় রাখা হচ্ছে না। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে পাটজাত দ্রব্যের ন্যায্যমূল্য বিবেচনায় না রাখার পাশাপাশি সঠিক সময়ে উৎপাদন ও বাজারজাত করছে না। আধুনিক যন্ত্রপাতিও সংযোজন করা হচ্ছে না। এসব কারণে লোকসান হচ্ছে। অথচ সরকার লোকসানের দায়ভার শ্রমিকদের ওপর চাপিয়ে শিল্পকারখানা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। বক্তারা বলেন, হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপিদের কাছে। এ টাকা বিদেশে পাচার হচ্ছে। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হচ্ছে। মন্ত্রী, এমপি, আমলাদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। অথচ সামান্য অর্থে কারখানাগুলো আধুনিকায়নের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে পাটশিল্প ধ্বংসের চক্রান্ত স্পষ্ট।
বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। পরিচালনা করেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মো. বাবুল হাওলাদার। বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জলি তালুকদার, সিপিবির কেন্দ্রীয় সদস্য এসএ রশীদ, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন, নারীনেত্রী রোজী রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম ফারুখ-উল-ইসলাম, মহানগর সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের সদস্য সচিব এসএম ইকবাল হোসেন বিপ্লব, ট্রেড ইউনিয়ন কংগ্রেস বিভাগীয় সাধারণ সম্পাদক এমএ কাশেম, বাসদের জেলা সমন্বয়কারী জনার্দন দত্ত নান্টু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. নাসির উদ্দিন, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এসএম দেলোয়ার হোসেন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, শিক্ষক নেতা নিতাই পাল, টিইউসির জেলা সাংগঠনিক সম্পাদক এসএম চন্দন, টিইউসি নেতা রুস্তম আলী হাওলাদার, জাতীয় যুব সংহতি খুলনা মহানগর সভাপতি শেখ মো. তোবারেক হোসেন তপু, সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলু, দেশবাংলা একাডেমির সভাপতি মেহেদী ইনছার, সুজনের ডা. মোসাদ্দেক হোসেন বাবলু, ক্ষেতমজুর সমিতির কিংশুক রায়, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, সিডিপির এসএমএ রহিম, পাটকল শ্রমিক শহিদুল ইসলাম, মধু আক্তার মারিয়া প্রমুখ।
