পাটকলে দুরবস্থায় দায়ী ভুল নীতি ও অব্যবস্থাপনা: সাকী
বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৯
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, দেশের পাটকলগুলোর দুরবস্থার জন্য শ্রমিকরা দায়ী নয়। দায়ী সরকারের ভুল নীতি ও অব্যবস্থাপনা। সে কারণে সরকারকে শ্রমিকদের দাবি মানতে বাধ্য করা হবে।
তিনি শুক্রবার খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচিতে গিয়ে সংহতি প্রকাশকালে এসব কথা বলেন। তিনি খুলনার সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটকল শ্রমিকদের আন্দোলনে এসে অংশ নেওয়ার আহ্বান জানান।
মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার অনশনরত প্লাটিনাম জুট মিলের শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠেন শ্রমিকরা।
শুক্রবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে খালিশপুর শিল্পাঞ্চল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অনশনস্থলে এসে শ্রমিকদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।
এদিকে পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সামান্য অর্থ খরচ করেও কারখানাগুলো আধুনিকায়নের কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে পাটশিল্প ধ্বংসের চক্রান্ত স্পষ্ট। তারা শ্রমিকদের ওপর লোকসানের দায়ভার চাপিয়ে পাটকল বন্ধ করার চক্রান্তে লিপ্ত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। পরিচালনা করেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মো. বাবুল হাওলাদার। বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জলি তালুকদার, সিপিবির কেন্দ্রীয় সদস্য এসএ রশীদ, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন, নারীনেত্রী রোজী রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম ফারুখ-উল-ইসলাম, মহানগর সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের সদস্য সচিব এসএম ইকবাল হোসেন বিপ্লব, ট্রেড ইউনিয়ন কংগ্রেস বিভাগীয় সাধারণ সম্পাদক এমএ কাশেম, বাসদের জেলা সমন্বয়কারী জনার্দন দত্ত নান্টু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. নাসির উদ্দিন, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এসএম দেলোয়ার হোসেন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, শিক্ষক নেতা নিতাই পাল, টিইউসির জেলা সাংগঠনিক সম্পাদক এসএম চন্দন, টিইউসি নেতা রুস্তম আলী হাওলাদার, জাতীয় যুব সংহতি খুলনা মহানগর সভাপতি শেখ মো. তোবারেক হোসেন তপু, সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলু, দেশবাংলা একাডেমির সভাপতি মেহেদী ইনছার, সুজনের ডা. মোসাদ্দেক হোসেন বাবলু, ক্ষেতমজুর সমিতির কিংশুক রায়, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জি, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, সিডিপির এসএমএ রহিম, পাটকল শ্রমিক শহিদুল ইসলাম, মধু আক্তার মারিয়া প্রমুখ।
- বিষয় :
- জোনায়েদ সাকী
- খুলনা
