ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ফরিদপুরে নিখোঁজের পরদিন মিলল প্রতিবন্ধী কিশোরীর লাশ

ফরিদপুরে নিখোঁজের পরদিন মিলল প্রতিবন্ধী কিশোরীর লাশ
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১০:০৩

ফরিদপুরে একদিন নিখোঁজ থাকার পর ফাতেমা বেগম (১৪) নামে প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় শহরের দক্ষিণ কালীবাড়ী মহল্লায় অবস্থিত টেলিগ্রাম কার্যালয় চত্বর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি বিবস্ত্র থাকায় পুলিশ ধারণা করছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। কিশোরীর বাবাও দাবি করেছেন, তার মেয়েকে ধর্ষণের পর মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

ওই কিশোরীর বাবা এলাহী শরিফ রিকশা চালানোর পাশাপাশি সোনালী ব্যাংকের এটিএম বুথের গার্ড হিসেবে কাজ করেন। তিন মেয়ের মধ্যে ফাতেমা বড়। সে জন্ম থেকেই অটিজমে আক্রান্ত। সে বাবার সঙ্গে শহরের রাজেন্দ্র কলেজ সংলগ্ন এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করত।

ওই কিশোরীর বাবা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই রাত থেকেই তার সন্ধানে শহরে মাইকিং করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ওই কিশোরী কলেজ এলাকায় সারাদিন ঘুরেফিরে বেড়াত। শুক্রবার সন্ধ্যায় টেলিগ্রাম অফিস চত্বরে সীমানাপ্রাচীরের পাশে তার বিবস্ত্র মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ওই কিশোরীর গলায় পরনের জামা পেঁচানো ছিল। লাশের পাশেই তার পাজামা পড়ে ছিল। ধারণা করা যাচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা।

আরও পড়ুন

×