ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

টিকাদান কার্যক্রমে করোনায় আক্রান্ত স্বাস্থ্য সহকারী

টিকাদান কার্যক্রমে করোনায় আক্রান্ত স্বাস্থ্য সহকারী
×

প্রতীকী ছবি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১ | ০৯:৩৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ | ০৯:৩৫

মুক্তাগাছায় করোনায় আক্রান্ত স্বাস্থ্য সহকারী উম্মে সালমা শিশু ও অন্তঃসত্ত্বাদের টিকাদান কার্যক্রমে অংশ নিয়েছেন। অফিসও করেছেন। এ ঘটনা জানার পর টিকাদান কার্যক্রম এলাকায় দেখা দিয়েছে করোনা ছড়িয়ে পড়ার আতঙ্ক।

মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলা এলাকার বাসিন্দা উম্মে সালমা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ঘোগা ইউনিয়নের হতরপাড়া, কাকিনাটিসহ কয়েকটি গ্রামে শিশু ও অন্তঃসত্ত্বাদের টিকা দিয়েছেন তিনি।

জানা যায়, গত মাসের ২৭ জুলাই প্রথম করোনায় আক্রান্ত হন উম্মে সালমা। এর পর সর্বশেষ শনিবার আবারও টেস্টে তার করোনা পজিটিভ আসে। এর পরও তিনি নিয়মিত কর্ম এলাকায় যান। সর্বশেষ তিনি রোববারও টিকা কর্মসূচিতে অংশ নেন। এতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে অন্যদের।

হতরপাড়া গ্রামের মালেকা বেগম বলেন, সালমা আপা রোববারও তাদের এলাকায় এসে টিকা দিয়েছেন। তিনি যে করোনায় আক্রান্ত তাদের এটা জানা ছিল না। জানলে তো তারা তার কাছে যেতেন না।

স্বাস্থ্য সহকারী কর্মী উম্মে সালমা বলেন, এখনও করোনা আক্রান্ত আছি। তবে কর্ম এলাকায় গেছেন সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, স্বাস্থ্য সহকারী উম্মে সালমা করোনায় আক্রান্ত হয়েছিলেন ঠিকই। তবে এখন তিনি সুস্থ আছেন, এ কারণেই তিনি টিকা দিতে গিয়েছিলেন।

আরও পড়ুন

×