ঘন কুয়াশায় দৌলতদিয়ায় ফেরি পারাপার ব্যাহত, অপেক্ষায় বাসযাত্রীরা
দৌলতদিয়া ঘাটে সারি সারি দাঁড়িয়ে যাত্রাবাহী বাস- সমকাল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৭
ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে।
এতে ভোগান্তিতে পড়তে হয়েছে হাজার হাজার যাত্রী ও চালকদের। এই নৌপথে বুধবারও অন্তত ১২ ঘণ্টা বন্ধ ছিলো ফেরি যোগাযোগ।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেরে গিয়ে নৌযান চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এতে ঘাট কর্তৃপক্ষ ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
পরে বুধবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর ঠিক দশ মিনিট পর আবার কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে বেলা ১১ টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বুধবার বিকেলে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও ১২ ঘন্টা ফেরি বন্ধের রেশ কাটেনি। দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহা সড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলাকা পর্যন্ত যাত্রীবাহী বাস ফেরির নাগাল পেতে অপেক্ষা করছে। এছাড়াও রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শহরের আহলাদিপুর পর্যন্ত আরও ৬ কিলোমিটার এলাকায় এক সারিতে আটকে আছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানান, কুয়াশা প্রাকৃতিক দুর্যোগ। এতে কারো হাত নেই। বেশ কয়েকদিন যাবৎ ঘন কুয়াশায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে কমে গেছে ফেরি পারাপারের সংখ্যা। তবে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, মানুষের কষ্টের কথা ভেবে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যের ট্রাক পারাপার করা হচ্ছে।
- বিষয় :
- দৌলতদিয়া
- ফেরি পারাপার
