বাংলাদেশ বিশ্বে ধর্মীয় সম্প্রীতির আদর্শ: পররাষ্ট্রমন্ত্রী
বুধবার সকালে নগরীর প্রেসবিটারিয়ান চার্চে বড়দিনের কেক কাটার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৯
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে ধর্মীয় সম্প্রীতির একটি আদর্শ দেশ। এই সম্প্রীতি ধরে রাখতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বুধবার সকালে নগরীর নয়াসড়কে প্রেসবিটারিয়ান চার্চে বড়দিনের কেক কাটার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বিশ্বে অনেক উন্মাদনা থাকলেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। এই শান্তির ধারাবাহিকতায় দেশ উন্নয়নের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে।
এ সময় ড. মোমেন চার্চে উপস্থিত সবার সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশবাসীকেও শুভেচ্ছা জানান।
নয়াসড়কে প্রেসবিটারিয়ান চার্চে বড়দিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চার্চের চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
এর আগে দুপুরে নগর ভবনে প্রধান অতিথি হিসেবে বহুল প্রত্যাশিত ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, শিগগিরই সিলেট থেকে চট্টগ্রামে নতুন ট্রেন চালু হবে। বর্তমানে চলমান ট্রেনগুলোতেও উন্নতমানের বগি সংযোজন করা হবে।
ড. মোমেন বলেন, 'সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে। এটি অনেক বড় অর্জন, যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা।' নগরীর উন্নয়নে ১২শ' কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। টাউন বাসের কাউন্টার করা নিয়ে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা কোনো পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিপক্ষ নই। সবাই মিলে সিলেট শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে চাই। সবাইকে নিয়ে মডেল নগরী গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বকস লিপন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব, নিটল মোটরর্সের বাস ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, সিলেট চেম্বারের পরিচালক ও নিটল মোটরর্সের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
নগর এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নগরী ও আশপাশের এলাকায় ৪১টি বাস যাত্রীসেবা দেবে। এর মধ্যে একটি বাস শুধুমাত্র নারীদের জন্য বরাদ্দ থাকছে, যাতে চালক ও সহকারী নারী থাকবেন। চারটি রুটে প্রতিদিন বাসগুলো চলাচল করবে বলে জানানো হয়।
