ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তথ্যসন্ত্রাস করছে বিএনপি: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তথ্যসন্ত্রাস করছে বিএনপি: তথ্যমন্ত্রী
×

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -ফাইল ছবি

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৫

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।'

ড. হাছান মাহমুদ বলেন, 'বেগম খালেদা জিয়ার যে শারীরিক সমস্যা রয়েছে সেগুলো বহু পুরনো। তার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।'

দলের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। আর এই দায়িত্বপালনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়ে তিনি বলেন, 'বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। সেই কাজে আমি যাতে সফল হই সেজন্য প্রথম থেকেই চেষ্টা করবো। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি তার মর্যাদা রক্ষায় আপ্রাণ চেষ্টা করবো।'

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×