ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৫
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের মাওয়া সড়কের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. রাব্বি আহমেদ (২২) ও রাসেল আহমেদের (২১) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক বাছির উদ্দিন বলেন, ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের পকেটে থাকা কলেজের পরিচয়পত্র থেকে তাদের শনাক্ত করা হয়। দুইজনই রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার হওয়া ট্রাক ও মোটরসাইকেল কোনওটিরই নম্বরপ্লেট নেই।
তিনি জানান, ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পলাতক রয়েছে। থানায় একটি মামলা হয়েছে। নিহত রাব্বি আহমেদের বাবার নাম আব্দুল খালেক ও রাসেল আহমেদের বাবার নাম সিরাজুল ইসলাম। তাদের বাসা রাজধানীর মুগদাপাড়া এলাকায়।
- বিষয় :
- দক্ষিণ কেরানীগঞ্জ
- সড়ক দুর্ঘটনা
