লরির ধাক্কায় ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত
লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার- সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ২৩:০৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকারে লরির ধাক্কায় দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু্ইজন।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু (৪০) এবং তার দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)।
দুর্ঘটনায় তার স্ত্রী কনিকা আক্তার (৩৫) ও ১০ বছরের শিশুপুত্র মন্টি আহত হয়েছে। তারা বান্দরবান থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোড়ে একটি লরি বন্দর সড়কে যাওয়ার জন্য মোড় নেওয়ার সময় দুইটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুজ্জামান মন্টুর মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউছার বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।
- বিষয় :
- চট্টগ্রাম
- সড়ক দুর্ঘটনা
- নিহত
