ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আওয়ামী লীগ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ: সেলিম

আওয়ামী লীগ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ: সেলিম
×

ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১ | ০৭:৫২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১ | ০৭:৫৪

আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট শরিক এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘ব্যর্থ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বিরোধী দল দমনে ব্যস্ত রয়েছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠলেও তাদের সে দিকে নজর নেই। তারা ব্যস্ত রয়েছে লুটপাটে।’

শুক্রবার বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি'র মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের জন্মবার্ষিকী উপলক্ষে নিজ জেলা লক্ষীপুরের রামগঞ্জে পনের হাজার মাস্ক বিতরণকালে তিনি ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন।

তিনি কুমিল্লাহ শহরের নানুয়ার দিঘিরপাড়ের একটি মণ্ডপে উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে পূজামণ্ডপে হামলা ও চাঁদপুরে বিক্ষুব্ধ জনতার ওপর হামলা করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে দেশবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। দেশের জনগোষ্ঠীর কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান-উৎসবে এখন নিরাপত্তা নেই। সরকার তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতেই নানা ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল নির্মাণ করে যাচ্ছে।

সেলিম আরও বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে না পারা, আইনশৃঙ্খলার চরম অবনতি, সরকারি দলের ব্যাপক লুটপাট দেশের নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতেই সরকার কুমিল্লায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’

বিএনপির ভাটরা ইউপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ মাহবুবুর রহমান বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, উপস্থিত ছিলেন দরবেশপুর ইউপি সাবেক সভাপতি খুরশিদ আলম মাস্টার, চন্ডিপুর ইউপি সাবেক সভাপতি শেখ জালাল আহমদ মন্টু, ভোলাকৌট ইউপি সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

আরও পড়ুন

×