চাঁপাইনবাবগঞ্জে শীতে ডায়রিয়ার প্রকোপ
হাসপাতালে মায়ের কোলে ডায়রিয়ার আক্রান্ত শিশু- সমকাল
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৬
এক মাসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ফের ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে এবার শীতজনিত রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রচণ্ড শীতের কারণে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া ওর্য়াডে শিশুদের আলাদা কোন শয্যা না থাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করছে। প্রতিদিন গড়ে ১৫ জন করে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। মাত্র ১২ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে শিশু ভর্তি রয়েছে ৩৫ জন। জায়গা সংকুলান না হওয়ায় মায়েরা বাচ্চাদের নিয়ে মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মা শেফালি বেগম জানান, তিনি তার বাচ্চাকে নিয়ে সোমবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু বেড না থাকায় বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
এ দিকে শিশু রোগ বিশেষজ্ঞ ডা মো: মাহফুজ রায়হান জানান, সীমিত লোকবল ও কম জায়গার মধ্যেই তারা উন্নত সেবা দেয়ার চেষ্টা করছেন। তবে শিশু ও বৃদ্ধরা প্রচণ্ড শীতে যেন অসুস্থ হয়ে না পড়ে এ জন্য গরমকাপড় পড়তে ও ঠান্ডা না লাগাতে পরামর্শ দেন।
তিনি আরও জানান, যে বাড়িতে রোটা ভাইরাসের কারণে ডায়রিযায় আক্রান্ত রোগী দেখা যাবে তাকে আলাদাভাবে রাখতে হবে। যাতে অন্যরা এই ভাইরাসে আক্রান্ত হতে না পারেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বর্তমানে রোগীর সংখ্যা নিয়ে তারা চিন্তিত না হলেও জেলাবাসীকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। একটু সাবধানতা ও ডাক্তারের পরামর্শমত চললে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।
এর আগে গত অক্টোবরের শেষ সপ্তাহে পৌরসভার সাপ্লাইর পানির সমস্যার কারণে ১শ শয্যার এ হাসপাতালে ৭শ রোগীকে চিকিৎসা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
- বিষয় :
- শীত
- ডায়রিয়া
- রোটা ভাইরাস
