ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটায় চলচ্চিত্র প্রতিষ্ঠান নির্মাণের দাবি

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটায় চলচ্চিত্র প্রতিষ্ঠান নির্মাণের দাবি
×

মানববন্ধনে শিক্ষার্থীরা- সমকাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৫:৫২

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণ করে সেখানে চলচ্চিত্র প্রতিষ্ঠান নির্মাণের দাবি জানানো হয়েছে। 

বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান বক্তারা। মানববন্ধনটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি ও ম্যাজিক লণ্ঠন। এতে বিশ্ববিদ্যালয়সহ নগরীর অন্যান্য চলচ্চিত্র সংগঠনগুলোও সংহতি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঋত্বিক কুমার ঘটককে নিয়ে শুধু বাংলাদেশ-ভারত নয়, বিশ্বের বড় বড় চলচ্চিত্রকার, নির্মাতা ও চলচ্চিত্র গবেষকরা গবেষণা করেন। সেখানে আমরা তার পৈতৃক ভিটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন করছি। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের শেষ স্মৃতি বলতে তার ভিটাটুকুই। এটি আমরা নষ্ট হতে দেব না। এ সময় বক্তারা তার বাড়িটি সংরক্ষণ করে সেখানে চলচ্চিত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবিও জানান।

রাবি ফিল্ম সোসাইটির সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুলের সঞ্চালনায় এবং ম্যাজিক লণ্ঠনের সম্পাদক ও একই বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান রাজু, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে একাত্মতা জানায় রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী, শাখা ছাত্র ফেডারেশন, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, ভোর হলো, বরেন্দ্র ফিল্ম সোসাইটির নেতারা।

প্রসঙ্গত, রাজশাহী নগরীতে অবস্থিত ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটার একপাশে হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করা হয়। সম্প্রতি তার বাড়িটি ভেঙ্গে সেখানে সাইকেল কলেজ করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আন্দোলন করে আসছে রাজশাহীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো।

আরও পড়ুন

×