সদরপুরে ছাত্রলীগের অনুষ্ঠানে হামলায় পুলিশসহ আহত ১০
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ -সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৩:০৭ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০৩:৫৭
ফরিদপুরের সদরপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসময় চার পুলিশসহ আহত হয়েছেন দশজন।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের আওয়ামী লীগের অফিসের সামনে ছাত্রলীগের মিছিলের ওপর এই হামলা চালানো হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই ফরহাদ, এসআই কামরুজ্জামান, এএসআই রবিউল ইলাম ও কনেস্টবল জাহাঙ্গীর হোসেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এছাড়াও হামলায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার ফকির, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, বাপ্পি, জুয়েল হাওলাদার ও শাওন আহমেদ আহত হয়েছেন বলে জানা গেছে।।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মীম অভিযোগ করে বলেন, ফরিদপুর-৪ আসনের (স্বতন্ত্র) এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থিত বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের নেতৃত্বে ২৫/৩০ জন অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়পক্ষের ৬/৭ জন আহত হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, হামলার খবর পেয়ে আমি সেখানে গিয়ে সংর্ঘষ থামানোর চেষ্টা করেছি।
