সাঁথিয়ায় সন্ত্রাসীদের হাতুড়ির আঘাতে আহত যুবকের মৃত্যু
পাবনা অফিস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৫:২১
পাবনার সাঁথিয়ায় সন্ত্রাসীদের হাতুড়ির আঘাতে আহত যুবক মানিক হোসেন (৩৫) আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবাব রাতে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মানিক সাঁথিয়া উপজেলার আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এলাকাবাসী জানান, ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেবাড়িয়া বাজারে মমিন বিশ্বাসের নেতৃত্বে একদল সন্ত্রাসী মানিককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে মানিকের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকের আইসিইউতে রাখা হয়। পারিবাবিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মানিক মারা যান। ঘটনার দিন মানিকের ভাই আব্দুল মালেক বাদী হয়ে আতাইকুলা থানায় ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ভুলবাড়িয়া ইউনিয়নের বরইবাড়িয়া গ্রামের মোফাজ বিশ্বাসের ছেলে মমিন বিশ্বাস ও বক্কার খাঁর ছেলে বাসেদ খাঁ নামে দুজনকে আটক করেছে।
মানিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম।
