বাঁচানো গেল না জেসমিনকে
জেসমিন আক্তার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৬:১১
গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শারীরিক নির্যাতনের শিকার হয়ে বিষপান করা এক সন্তানের জননী জেসমিন আক্তারকে বাঁচানো যায়নি।
জেসমিন আক্তার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। গত ১০ আগষ্ট উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় বিয়েতে রাজি না হওয়ায় জেসমিনকে বিল্লাল ফরাজী (৪০) নামের এক ব্যক্তি মারধর করেন বলে অভিযোগ।
ওইদিন অপমান সইতে না পেরে ক্ষোভে জেসমিন ঘরে গিয়ে বিষাক্ত দ্রব্য সেবন করে মাটিতে লুটে পড়েন। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জেসমিনকে দেড় মাস চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। ওই ঘটনার পর বিল্লাল মালয়েশিয়া চলে যান।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মোল্লা বলেন, জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেসমিনের মা নুরজাহান আক্তার বিল্লাল ফরাজীকে প্রধান আসামি করে ৭ জনের নামে থানায় মামলা করেছেন।
জানা যায়, পাঁচ বছর পূবে জেসমিন আক্তারের বিয়ে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় এক বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকে জেসমিন তার নুহা আক্তার নামে এক সন্তানকে নিয়ে তার বাপের বাড়ি বড়গাঁওয়ে থাকতেন।
জেসমিনের মা নুরজাহান আক্তার বলেন, বিল্লালের কথাগুলো জেসমিন শুনে ঘরে গিয়ে বিষাক্ত দ্রব্য সেবন করে মাটিতে লুটে পড়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হেকিম বলেন, বিল্লাল ফরাজী প্রকৃত খারাপ লোক। জেসমিন তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিল্লাল তাকে মারধর করে। পরে সে ওই পরিবারকে ভয়ভীতি দেখালে জেসমিন বিষপান করে।
