ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতাল চিকিৎসকদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৬:৩০
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসার অভিযোগে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় করা মামলায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. ডিউক চৌধুরীসহ তিন চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবিতে শনিবার দিনব্যাপী জেলার সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার আহ্বানে এই কর্মবিরতি পালন করা হয়। তবে চিকিৎসকদের কর্মবিরতি চললেও ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম অব্যাহত ছিল।
এদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের কর্মবিরতি পালনের কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েন। রোগীদের কষ্ট দিয়ে চিকিৎসকদের এ ধরনের প্রতিবাদকে অমানবিক হিসেবে দেখছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে আসা মো. শাহজাদা জানান, তিনি তার মাকে নিয়ে শহরের দি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে এসেছিলেন। কিন্তু চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম বিড়ম্বনায় পড়েছেন। চিকিৎসকদের এমন কর্মসূচিতে তিনি হতাশা প্রকাশ করেন।
শহরের কুমারশীল মোড় এলাকার নিউ সেন্ট্রাল ল্যাবএইড হাসপাতালের মালিক আমিনুল হক জানান, চিকিৎসকদের কর্মবিরতি চলছে। আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। এতে রোগীদের দুর্ভোগ হচ্ছে বলে তিনি স্বীকার করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় বিনা তদন্তে তিন চিকিৎসককে জেলহাজতে পাঠানো হয়েছে। এ কারণে আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আমরা অবিলম্বে তিনি চিকিৎসকের মুক্তির দাবি জানাই। পাশাপাশি কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করার দাবি জানাই। তিনি বলেন, কর্মবিরতি শনিবার রাত ৮ পর্যন্ত চলবে। শনিবার রাতে বিএমএর বৈঠকের পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখলেও ব্রাহ্মণবাড়িয়ার সব সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- ভুল চিকিৎসা
- কর্মবিরতি
