পদত্যাগের নির্দেশ পেয়ে ‘বিমর্ষ হয়ে পড়েন’ মুরাদ
ডা, মুরাদ হাসান। ফাইল ছবি।
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১ | ০৮:৫০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ | ০৮:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় মন্ত্রীপরিষদ থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে যখন পদত্যাগের নির্দেশ দেন তখন তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন। এখানকার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর বিলাসবহুল একটি কক্ষে অবস্থানকালেই প্রধানমন্ত্রীর নির্দেশনার সেই খবর পান তিনি। এরপর হোটেলে অবস্থানের পুরোটা সময় নির্বিকার ও বিমর্ষ দেখা গেছে তাকে।
হোটেলটিতে প্রায় ১২ ঘণ্টা অবস্থান করার পর সোমবার গভীর রাতেই ফের ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়েন তিনি। এরআগে বিতর্কিত ‘কল রেকর্ড’ ফাঁস হওয়ার পর সারাদেশে যখন তোলপাড় চলছিল তখন ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসেন মুরাদ।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে রেডিসন ব্লু বে ভিউর সহকারী পরিচালক (জনসংযোগ) পারভেজ চৌধুরী সমকালকে বলেন, ‘মন্ত্রীপরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসান সোমবার বিকেল ৩টার দিকে রেডিসনে উঠেন। কিন্তু রাত ২টার দিকে তড়িঘড়ি করে তিনি হোটেল ছাড়েন।’
মুরাদ হাসানের চট্টগ্রামের ঘনিষ্টজনরা জানিয়েছেন, সোমবার হোটেল রেডিসন ব্লুতে রাতযাপনের পর মঙ্গলবার এক বন্ধুর বাসায় যাওয়ার কথা ছিল তার। এজন্য ডাবল বেডের একটি কক্ষে অবস্থান করছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে রাতেই হোটেল ছেড়ে ঢাকার পথ ধরেন তিনি। হোটেলে অবস্থানকালে পুরোটা সময় নির্বিকার ও বিমর্ষ দেখা গেছে তাকে।
চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন কলরেকর্ড ফাঁস এবং একটি লাইভ অনুষ্ঠানে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন মুরাদ। এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় বইছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দেন।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়টি প্রতিমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছেও বলে জানান তিনি। সর্বশেষ মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।
