গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পুরস্কার বিতরণীর একটি চিত্র।
সাভার (ঢাকা)
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১ | ১১:০৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ | ১১:০৭
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের পিএইচএ ভবনের অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
‘আলোকচিত্রীর চোখে ১৯৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুরস্কার বিতরণী ও প্রথম প্রদশর্নী অনুষ্ঠিত হয়।
‘PHPC’ বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা ২০২১ এর প্রধান বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন হাসান সাইফুদ্দিন। এ প্রতিযোগিতায় ২৯ জন বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে বিজয়ী ৮ জনকে ১০ হাজার টাকা ও অনারেবল মেনশন বাকি ২১ জনকে দুই হাজার টাকা করে প্রাইজ মানিসহ সবাইকে একটি করে সনদপত্র দেওয়া হয়।
আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. সিতারা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন গণস্বাস্থ্য রেজিস্ট্রার ড. এস তাসদ্দেক আহমেদ, গণ স্বাস্থ্যকেন্দ্রের মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন ডিপার্টমেন্টের পরিচালক ডা. তারিকুল ইসলাম, বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আশফাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন-গণ বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. রাকিবুল হাসান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মো. আরিফ ইসতিয়াকসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত ১ মার্চে এই আলোকচিত্র আয়োজন শুরু হয়। ৩১ অক্টোবর পর্যন্ত চলে ছবি গ্রহণ। ৪ সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল গঠিক হয় ২০ নভেম্বর। ৩০ নভেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
