গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে মা-ছেলের মৃত্যু
গাজীপুরের দাক্ষিণখান এলাকায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১ | ০২:০৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ | ০৬:৩৫
গাজীপুরের দাক্ষিণখান এলাকায় লেভেল ক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে এক নারী ও তার দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ জানান। নিহতরা হলেন মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ।
উপপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ট্রেনটি ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে। গাড়িটি চালাচ্ছিলেন মিতুর স্বামী মো. হাসান। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী ও তার শিশুপুত্র নিহত হয়। দুর্ঘটনায় হাসান এবং তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাসান একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার ভোরে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়েছিলেন। বাসার কাছেই রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এমনিতে ওই রেলগেইটে একাধিক গেইটম্যান দায়িত্ব পালন করেন। তবে ভোরের দিকে গেইট খোলা ছিল। পরে মাইক্রোবাসটি বিনা বাধায় লাইনে উঠে পড়ে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।