শ্যামনগরে ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যার অভিযোগ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০২:১৮
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মরিয়ম খাতুন (২০) নামের এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বল্লভপুর গ্রামের একটি ধান ক্ষেতের পাশে খড়ের গাদার ওপর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মরিয়ম উপজেলার বাদঘাটা গ্রামের পান বিক্রেতা আব্দুল কাদেরের মেয়ে। তিনি শ্যামনগর সরকারি মহসীন কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
নিহতের বাবা আব্দুল কাদের জানান, বুধবার রাতে খাওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে মরিয়ম ঘরের বইরে যায়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। শুক্রবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাশের গ্রামের একটি খড়ের বোঝার ওপর মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় তার গলায় ওড়না পেচানো ছিল এবং পাশে আরো দু’টি ওড়না পড়ে ছিল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ মো. নাজমুল হুদা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
