বুড়িগঙ্গায় নিখোঁজ প্রকৌশলীর লাশ ধলেশ্বরীতে উদ্ধার
সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৩:১৭
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ধলেশ্বরী নদী থেকে প্রকৌশলী মেহেদী হাসান জিসানের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়।
বাংলা ক্যাট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন মেহেদী হাসান জিসান। তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সাভারের আশুলিয়ায় বসবাস করতেন।
এর আগে গত ৬ জানুয়ারিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রলারে করে বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে গিয়ে জিসান ও একই কোম্পনির প্রকৌশলী লিখন সরকার নিখোঁজ হন।
সিরাজদীখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, দুপুরে ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা সিরাজদীখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা নিখোঁজ প্রকৌশলী মেহেদী হাসান জিসানের লাশ শনাক্ত করেন।
তিনি আরো জানান, মেহেদী হাসান জিসানের কপালে কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বাম পায়ের হাটুর নীচ থেকে গোড়ালি পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ আঘাতের চিহ্নগুলো কোন নৌযানের ইঞ্জিনের দ্বারা হতে পারে বলে ধারনা করছে পুলিশ।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- লাশ উদ্ধার
