মাদারীপুরে সংঘর্ষে নিহত ১, আহত ২০
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৯:৩৮
মাদারীপুরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এবং স্থানীয় যুবসম্প্রদায়ের একটি ভালো উদ্যোগ নিয়ে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বাবুল মুন্সী (৪৫), হাসান শেখ (৩৫) ও কহিনুর খালাশীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বাবুল মুন্সী দুপুরে মারা যান।
শুক্রবার সকালে রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মুন্সী ওই এলাকার মজিদ মুন্সীর ছেলে। বাবুল মুন্সীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে এলাকার দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে দেলোয়ার মেম্বারের পক্ষের কয়েক যুবক মিলে এলাকার জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য দা, কাঁচি ও ছেনি নিয়ে বের হয়। কিন্তু এ ঘটনা দেখে প্রতিপক্ষ জুলফিকার খালাশীর লোকজন তাদের ওপর হামলা করতে এসেছে মনে করে যুবকদের পরিচ্ছন্ন কাজে বাধা দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। পুলিশ বৃহস্পতিবার রাতে সাবেক মেম্বারসহ তিনজনকে আটক করলে উভয় পক্ষ আরও মারমুখী হয়ে ওঠে।
শুক্রবার সকালে বিবদমান ওই দুটি পক্ষ জুলফিকার খালাশী ও দেলোয়ার মেম্বার পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত সিরাজ খালাশী, জুলফিকার খালাশী, কহিনুর খালাশী, সজীব মুন্সী, দেলোয়ার মুন্সী, বাবুল মুন্সী ও রিপন মুন্সীকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে হাসান শেখ, বাবুল মুন্সী ও কহিনুর খালাশীকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বাবুল মুন্সী দুপুর ২টার দিকে মারা যান। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের অর্ধশতাতিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে স্থানীয়রা জানান।
রাজৈর থানার অফিসার ইনচার্জ খোন্দকার শওকত জাহান বলেন, বাবুল মুন্সী নামে একজন মারা গেছেন। তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সন্ধ্যা পৌনে ৬টায় এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
- বিষয় :
- মাদারীপুর
