কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ১০:৪৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ১০:৫৪
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরের দিকে মনি শংকর সরকার (৪০) নামে বিদ্যুৎস্পর্শে আহত একজনকে ওই হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগে না থাকায় বিনা চিকিৎকায় মনি শংকরের মৃত্যু হয় বলে তার পরিবার অভিযোগ করে।
মনি শংকর উপজেলার আমাদি গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালায় ও বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রজ্ঞা লাবনী জানিয়েছেন, জরুরি বিভাগে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার আমাদি গ্রামের একটি চিংড়ি হ্যাচারিতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মনি শংকর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি।
মনি শংকরের স্ত্রী মিনতি সরকার বলেন, 'আমি হাসপাতালে উপস্থিত সব নার্সসহ অন্যান্য কর্মকর্তার পায়ে ধরি; কিন্তু কেউ আমার স্বামীর পাশে আসেননি।'
নিহতের ভাই ভবতোষ সরকার বলেন, 'মনি শংকর কথা বলতে বলতে আমাদের সামনে মারা গেছেন। ডাক্তার আমাদের কথা শুনে বলেন, এটা আমাদের কাজ না, স্যারের সঙ্গে কথা বলেন। তবে ঘণ্টাখানেক পর এক ডাক্তার এসে কিছু না বলেই চলে যান।'
কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. পার্থ প্রতিম বলেন, চিকিৎসকের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ সঠিক নয়। হাসপাতালে নিয়ে আসার পথে হয়তো ওই রোগী মারা যেতে পারেন।
