ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
হরিণাকুন্ডু(ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০২:২৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ | ০৪:৪৮
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাইক্রোবাসের ধাক্কায় উজ্বল নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের গীলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্বল উপজেলার শাখারীদহ গ্রামের আশিরুদ্দীনের ছেলে।
তিনি ঝিনাইদহ জজ কোর্টের কম্পিউটার সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালকসহ মাইক্রোবাসটিকে জব্দ করে করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, শনিবার দুপুরে নিহত যুবক মোটরসাইকেল যোগে ঝিনাইদহের দিকে যাওয়ার সময় ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের গীলাবাড়িয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এ সময় উজ্জ্বল রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
