ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে
×

একটি ভোটকেন্দ্রের বাইরের ছবি -সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০ | ২৩:৩১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ | ২৩:৪৭

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ভোট গ্রহণের শুরুতে সকালে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।

নির্বাচনে ছয় প্রার্থী থাকলেও আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি অংশ নিলেও তাতে তেমন কোনো আমেজ ছিল না। এরও আগে ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় সেটিও ছিল একেবারে আমেজহীন। কিন্তু গত নির্বাচনের এক বছরের ব্যবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এ উপ-নির্বাচনের চিত্র একেবারেই ভিন্ন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সর্বশক্তি নিয়ে মাঠে নামে আওয়ামী লীগ ও বিএনপি। 

প্রতীক বরাদ্দের পর থেকে যে প্রচারাভিযান শুরু হয়, তা শনিবার মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে। পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী মোছলেম ও বিএনপি প্রার্থী সুফিয়ান। ভোটারদের মন জয় করতে তারা দিয়েছেন এলাকার প্রধান সমস্যা কালুরঘাটে নতুন সেতু নির্মাণসহ নানা প্রতিশ্রুতি। ছিল আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগও। সব মিলিয়ে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের প্রচারকাজে ছিল টানটান উত্তেজনা। তাই এই নির্বাচনকে ঘিরে পুরো চট্টগ্রামের মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে।

গত ৭ নভেম্বর ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদের একাংশের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের আয়োজন করে ইসি। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপির আবু সুফিয়ান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

আরও পড়ুন

×