কুষ্টিয়ায় শিশু অপহরণের দায়ে নারীর যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০২:৫৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৩:০১
কুষ্টিয়ার দৌলতপুরে শিশু অপহরণ মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি পূর্ব মন্ডলপাড়া গ্রামের চাঁদ আলীর কন্যা বেদেনা খাতুন ওরফে লিমা (৩৮)।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌশুলী আব্দুল হালিম রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, শুনানী শেষে আসামী বেদেনা খাতুন লিমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে তার যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ড দেন আদালত। এছাড়া এ মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর, সকাল ৯টায় দৌলতপুর উপজেলার খলিশাকুনিড গ্রামের ছমির আলীর স্ত্রী বিনা খাতুন তার ৬ মাস বয়সী শিশুপুত্র কর্ণকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে গৃহস্থালীর কাজে বাড়ির বাইরে ব্যস্ত ছিলেন।
এসময় প্রতিবেশী বেদেনা খাতুন লিমা অপর তিন সহযোগীর যোগসাজসে শিশু কর্ণকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
এ ঘটনায় অপহৃত শিশুর পিতা ছমির আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দণ্ডবিধি ৭ ধারায় অভিযোগ এনে বেদেনা খাতুনসহ ৪জনের নাম উল্লেখসহ দৌলতপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ নভেম্বর আদালতে মামলার চার্জশিট দাখিল করেন পুলিশ।
