চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট সম্পন্ন
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৫:৩৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৫:৩৪
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ইভিএমের মাধ্যমে সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
ভোট চলাকালে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও এজেন্টদের কেন্দ্র থেকে জোড়পূর্বক বের করে দেওয়ার অভিযোগ তুলে পুননির্বাচনের দাবি জানান বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। সোমবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
আবু সফিয়ান অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপির বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
এর আগে সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। সকালে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়।
নির্বাচনে ছয় প্রার্থী থাকলেও আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি অংশ নিলেও তাতে তেমন কোনো আমেজ ছিল না। এরও আগে ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় সেটিও ছিল একেবারে আমেজহীন। কিন্তু গত নির্বাচনের এক বছরের ব্যবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এ উপ-নির্বাচনের চিত্র একেবারেই ভিন্ন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সর্বশক্তি নিয়ে মাঠে নামে আওয়ামী লীগ ও বিএনপি।
গত ৭ নভেম্বর ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদের একাংশের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের আয়োজন করে ইসি।
উপ-নির্বাচনে আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপির আবু সুফিয়ান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।
