মঠবাড়িয়ায় ১৩০০ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে আটক
আটককৃত মা-মেয়ে ও ছেলে (মাঝে)- সমকাল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৮:০০
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মা নুরজাহান বেগম (৫৮), মেয়ে আসমা আক্তার (২১) ও ছেলে হাসান মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত নূরজাহান বেগম পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী এলাকার রতন হাওলাদারের স্ত্রী। আসমা তার মেয়ে ও হাসান মিয়া ছেলে।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহানাজ পারভীন জানান, পৌর শহরের দক্ষিণ বন্দার স্লুইজগেট এলাকার রতন হাওলাদারের স্ত্রী নুরজাহান ও তার মেয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেলে অভিযান চালিয়ে মা-মেয়ে ও ছেলেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, নুরজাহানের আরেক ছেলে কালাম এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক এনে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এসআই শাহানাজ পারভীন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
- বিষয় :
- পিরোজপুর
- মঠবাড়িয়া
- ইয়াবাসহ আটক
