স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ডের মনোনয়ন শুরু
গতকাল রোববার কৃষি অ্যাওয়ার্ড বিষয়ে আয়ােজিত সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজসহ অন্যরা। ফটো রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১২:১৬
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১১তম কৃষি অ্যাওয়ার্ড। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে ২০১৪ সালে যাত্রা করে এই কৃষি অ্যাওয়ার্ড।
গতকাল রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষি অ্যাওয়ার্ডের ১১তম আসরের মূল লক্ষ্য উদ্ভাবন ও নেতৃত্বের এমন অনুকরণীয় গল্পগুলো খুঁজে বের করা, যা কৃষি খাতের উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবে। এ বছরের কৃষি অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা, বর্ষসেরা কৃষক (নারী ও পুরুষ), বছরের সেরা মেধাবী সংগ্রামী (নারী ও পুরুষ), পরিবর্তনের নায়ক, সেরা কৃষি সাংবাদিকসহ মোট ১২টি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হবে।
অ্যাওয়ার্ডের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। জমা হওয়া আবেদনগুলো স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং শিল্পক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি বিশেষ জুরি প্যানেল দ্বারা মূল্যায়ন করা হবে। পর্যালোচনা শেষে বছরের শেষের দিকে গালা অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেছেন, ‘কৃষি অ্যাওয়ার্ড এখন ১১ বছর পূর্ণ করেছে। আমরা চ্যানেল আইয়ের সঙ্গে উন্নয়নের এই যাত্রায় কাজ করতে পেরে গর্বিত এবং যারা এ পুরস্কারকে দেশের জন্য প্রেরণার উৎসে পরিণত করেছে, তাদের প্রতি কৃতজ্ঞ।’
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলার মাটি ও মানুষের কথা বলে আসছে। কৃষির উন্নয়ন ছাড়া উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ কোনোভাবেই সম্ভব নয়। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং খাদ্য নিরাপত্তার প্রকৃত যোদ্ধা। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা যেভাবে কৃষিতে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবন ঘটাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।
- বিষয় :
- অ্যাওয়ার্ড
