ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১১:১৫
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। শুক্রবার ট্রাক সেল কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল রোববার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের পাশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করবেন।
টিসিবির একটি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার বোতলজাত ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হবে। সব পণ্য একসঙ্গে কেনার জন্য একজন ক্রেতার খরচ হবে ৪৮০ টাকা।
বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল ১৯৯ টাকা, প্রতি কেজি চিনি ১০৫ থেকে ১১০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ১০০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজার থেকে এসব পণ্য কিনতে লাগে ৭০৩ থেকে ৭১৮ টাকা। সেই হিসেবে টিসিবির থেকে এসব পণ্য কিনলে একজন ক্রেতার সাশ্রয় হবে ২২৩ থেকে ২৩৮ টাকা।
টিসিবি জানায়, সারাদেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি। এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় ৫০টি ট্রাকে, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাকে, অন্য ছয়টি বিভাগীয় শহর ও জেলায় ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।
টিসিবি জানায়, প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে গড়ে ৪০০ জন মানুষ পণ্য কিনতে পারবেন। এভাবে ১০ দিনের এই কার্যক্রমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ টন পণ্য পৌঁছানো হবে। পাশাপাশি টিসিবির নিয়মিত স্মার্ট কার্ডধারী পরিবারের মধ্যেও পণ্য বিক্রি করা হবে।
