ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন

সিঙ্গাপুর-সাইপ্রাসের পর নজরে মালয়েশিয়ায় এস আলমের হোটেল ব্যবসা

বিশ্বজুড়ে তদন্তের জাল আরও শক্ত হচ্ছে

সিঙ্গাপুর-সাইপ্রাসের পর নজরে মালয়েশিয়ায় এস আলমের হোটেল ব্যবসা
×

ছবি: দ্য এজ মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২১:০৫ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ২৩:৫০

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আলোচিত ব্যবসায়ী এস আলম কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের সংশ্লিষ্ট দুটি বিলাসবহুল হোটেল এবার আলোচনায় এসেছে। কুয়ালালামপুরের অন্যতম ব্যস্ত এলাকা জালান সুলতান ইসমাইল ও জালান আমপাংয়ের মোড়ে হোটেল দুটি অবস্থিত।

রেনেসাঁ কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং ফোর পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার নামের হোটেল দুইটি দেশটির কর্তৃপক্ষের নজরদারিতে এসেছে। হোটেল দুটি ভেনচুরা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন করপোরেট নথিতে উল্লেখ আছে। প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত মালয়েশিয়ার কর্তৃপক্ষ এসব সম্পদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি বা জব্দের আদেশও দেয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এস আলমের ব্যবসায়িক সাম্রাজ্য সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসহ একাধিক অঞ্চলে বিস্তৃত। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, এস আলম তার ব্যবসায়িক সাম্রাজ্যের বেশির ভাগটাই গড়ে তুলেছেন পাচার করা অর্থ দিয়ে।

সাইপ্রাসে তার মালিকানাধীন একটি আবাসিক সম্পত্তি ইতোমধ্যে আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের একটি আদালত তাকে ও তার পরিবারের কয়েকজন সদস্যকে ঋণ খেলাপির মামলায় কারাদণ্ডও দিয়েছেন। তবে তিনি ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সিঙ্গাপুরেও তার সম্পদের বিষয়ে তদন্ত চলছে। বাংলাদেশি তদন্ত সংস্থাগুলোর দাবি, সেখানে এস আলমের ব্যবসায়িক সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সমন্বিত তদন্তের মধ্যেই মালয়েশিয়ার এই দুটি হোটেল ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সম্পদের সম্ভাব্য মূল্য কয়েকশ মিলিয়ন ডলার হতে পারে।

এস আলমের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তার আইনজীবীরা দাবি করেছেন, এসব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বৈধ ব্যবসায়িক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা।

২০২৩ সালে সিঙ্গাপুরের নাগরিকত্ব পান এস আলম। সেখানে তার হোটেল, আবাসন, খুচরা বাণিজ্যিক সম্পত্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে।

আরও পড়ুন

×