ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

অনলাইন জুয়া, পরীক্ষায় জালিয়াতি ও মাদক অপরাধ দমনে নতুন আইনের অনুমোদন

অনলাইন জুয়া, পরীক্ষায় জালিয়াতি ও মাদক অপরাধ দমনে নতুন আইনের অনুমোদন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৪:১০

অনলাইন জুয়া, পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি এবং প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ দমনে নতুন ও সংশোধিত আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে নতুন আইনের খসড়াও অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির কারণে অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের জুয়ার বিস্তার ঘটায় বিদ্যমান ১৮৬৭ সালের পাবলিক জুয়া আইন যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া আইনে জুয়াখেলা, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ও দূরবর্তী জুয়া, বেটিং, বুকমেকার, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ বিভিন্ন বিষয়কে আইনি সংজ্ঞার আওতায় আনা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত আইনে পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং কিংবা অবৈধ পরিবর্তনকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে।

বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। এতে মাদক অপরাধ দমনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সাইবার স্পেসে সংঘটিত মাদক-সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে নতুন বিধান, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থার সমন্বয় জোরদার এবং মাদক শনাক্তে ডগস্কোয়াড গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

এদিকে ২০০১ সালে গেজেট প্রকাশিত হলেও কার্যকর না হওয়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের আশা, নতুন আইনের মাধ্যমে বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, চিকিৎসাবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কলা ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, জুয়া প্রতিরোধ আইন, বগুড়া বিশ্ববিদ্যালয় আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত রূপ পাবে। অন্যদিকে পাবলিক পরীক্ষা-সংক্রান্ত সংশোধনী আইন সরাসরি চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

আরও পড়ুন

×