ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

উপকূলের নারীদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকার

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় পরিবেশ প্রতিমন্ত্রী

উপকূলের নারীদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৪:১৪

উপকূলীয় অঞ্চলের নারীদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শাহাব উদ্দিন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান-এনএপি) অনুসরণ করছে।

বৃহস্পতিবার রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক সবুজ প্রবৃদ্ধির লক্ষ্যে নারীর জলবায়ু-সহনশীল উদ্যোক্তা উন্নয়ন: প্রমাণ, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং জলবায়ু ন্যায়বিচার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (বিইডি) ‘এমপাওয়ার: উইমেন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট সোসাইটিজ (ফেজ-২)’ প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিশেষজ্ঞ আলেকজান্দ্রা রুতুবি, ইউএন উইমেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এ কিউ এম গোলাম মওলা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড।

কর্মশালায় জানানো হয়, ইউএন উইমেন ও ইউএনইপির সহায়তায় ২০২২ সাল থেকে পরিচালিত প্রকল্পটির আওতায় দেশের ১২ জেলার ১ হাজার ২০০ নারী উদ্যোক্তাকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিইডির প্রধান আফরিনা চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নারী উদ্যোক্তারা যে আর্থিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, এ উদ্যোগ তা মোকাবিলায় সহায়তা করবে।

আলেকজান্দ্রা রুতুবি বলেন, প্রকল্পটি নারী উদ্যোক্তাদের জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তুলতে সরকার, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তি সেবাদাতা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে।

কর্মশালায় দুটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, ব্র্যাক ব্যাংক, ইউএনইপি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে নারী উদ্যোক্তাদের সহায়তায় তৈরি ১ হাজার ২০০ উদ্যোক্তার একটি ডাটাবেজ এসএমই ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিইডি।

আরও পড়ুন

×