ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচন ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত
×
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২১:৪৩

স্থানীয় সরকার নির্বাচন সামনে ভোটার এলাকা পরিবর্তন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ ক্ষেত্রে ওই সময় পর্যন্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে।

আজ শনিবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এমন তথ্য জানা গেছে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। দাখিলকৃত আবেদন ইস্যুকরণের শেষ তারিখ ৩ নভেম্বর। ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর। নির্দেশনায় সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদন নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ কর্মকর্তাদের বলা হয়েছে।

এর আগে ভোটার এলাকা পরিবর্তনের জন্য গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল ইসি। পরে স্থানীয় নির্বাচন পিছিয়ে যাওয়ায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করে গত ২৩ সেপ্টেম্বর চিঠি জারি করে। এরপর শনিবার ৩১ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে ঘোষণা দিল সংস্থাটি।

আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ইতিমধ্যে স্থানীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠান ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। রোডম্যাপ অনুযায়ী ২৭ মে পর্যন্ত চলবে এই নির্বাচন।

আরও পড়ুন

×