অনিরুদ্ধ-কাব্যের বিয়ে ঘিরে জল্পনা, সামনে এলো সম্ভাব্য তারিখ
অনিরুদ্ধ রবিচন্দ্র ও কাব্য মারান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৯:৫৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১৯:৫৯
বিয়ের সানাই বাজতে চলেছে দক্ষিণী সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রের জীবনে। পাত্রী সান টিভি নেটওয়ার্কের কর্ণধার কলানিধি মারানের মেয়ে কাব্য মারান। দীর্ঘদিন ধরেই অনিরুদ্ধ ও কাব্যের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল।
এবার সেই জল্পনার খবরই পাকা হলো। যদিও বিয়ের দিনক্ষণ ও স্থান নিয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি অনিরুদ্ধের পরিবারের তরফে। সম্প্রতি অনিরুদ্ধের বাবা মহেন্দ্র রবিচন্দ্র এ প্রসঙ্গে মুখ খুলেছেন।
সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, ছেলের বিয়ে নিয়ে কথাবার্তা এগোচ্ছে এবং তাকে যা জানানো হয়েছে, তাতে বিয়ে নিশ্চিত। তবে কবে, কোথায় বিয়ের অনুষ্ঠান হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। হবু পুত্রবধূ কাব্যের প্রশংসাও শোনা গেছে তাঁর মুখে।
মহেন্দ্রর কথায়, ‘ও কোনো সাধারণ মেয়ে নয়।’ কাব্যের দক্ষতা, পরিশ্রম এবং ব্যবসা পরিচালনার ক্ষমতার প্রশংসা করে তিনি জানান, এত বড় একটি ক্রিকেট দল সামলানোর যোগ্যতা রয়েছে কাব্যের। বাবার কাছ থেকেই ব্যবসা পরিচালনার গুণ পেয়েছেন তিনি। অনিরুদ্ধ ও কাব্য একে অপরের জন্য উপযুক্ত বলেও মনে করেন মহেন্দ্র। ভবিষ্যতে দুজনে একসঙ্গে সংগীতের ব্যবসাতেও যুক্ত হতে পারেন বলে তাঁর মত।
অন্যদিকে, কাব্যের পারিবারিক সম্পত্তি নিয়েও চর্চা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তাঁর বাবা কলানিধি মারানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪,৬০০ কোটি টাকা। সান টিভি নেটওয়ার্কের পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মালিকানার সঙ্গেও যুক্ত তিনি।
বিভিন্ন সূত্রের দাবি, সানরাইজার্স হায়দরাবাদের আনুমানিক মূল্য ১৭,৫০০ কোটি থেকে ১৮,৪০০ কোটি টাকার মধ্যে।
কাব্য নিজে সানরাইজার্স হায়দরাবাদের সিইও এবং ফ্র্যাঞ্চাইজিটির সহমালিক। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৪০৯ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ব্রিটেনের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করার পর ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন তিনি। পরে ক্রিকেট দলের দায়িত্বও সামলাতে শুরু করেন।
এদিকে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সম্প্রতি কলানিধি ও কাবেরী মারানের সঙ্গে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দিয়েছেন। সেই সূত্রেই ২১ নভেম্বর চেন্নাইয়ে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের প্রীতিভোজের আয়োজন হতে পারে বলে খবর ছড়িয়েছে।
তবে অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারিখ ও আয়োজনের বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আপাতত অনুরাগীদের নজর এই তারকাজুটির বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
- বিষয় :
- বলিউড