পল্লবী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:৩০
ঢাকার পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান করির এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. রাসেল রনি স্বাক্ষরিত আবেদনে বলা হয়, অপূর্ব হাসানের বিরুদ্ধে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারির সঙ্গে জড়িত ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এক্ষেত্রে ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যার অভিযোগের বিষয়টি দুদকের তপশিলভুক্ত নয়। এরপরও এই বিষয়টি খোদ আদালতে দেওয়া আবেদনে এটি উল্লেখ করা হয়েছে। ঘুষ, দুর্নীতি-সংক্রান্ত সব ধরনের অপরাধ দুদকের তপশিলভুক্ত। সাবেক এই পুলিশ কর্মকর্তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামে।
অনুসন্ধানকালে অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে জমি, প্লট, ব্যাংকে জমানো অর্থ, মেয়াদি আমানতসহ বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের পাওয়া গেছে। ওইসব সম্পদের তালিকা আবেদনের সঙ্গে আদালতে উপস্থাপন করা হয়।
আবেদনে আরও বলা হয়, অপূর্ব হাসান ও তার স্ত্রী তাদের নামে থাকা সম্পদ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। ওইসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে সেগুলো উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এই কারণে তাদের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
জানা গেছে, সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদনের সংক্ষিপ্ত শুনানি হয়। শুনানি শেষে সম্পদসমূহ ক্রোক, অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।